সিলেট বিভাগে সন্দেহজনক হামে আক্রান্ত আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এ ছাড়া বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, ধর্মপাশায় ১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।
ওসমানীতে সবচেয়ে বেশি রোগী
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সবচেয়ে বেশি সন্দেহজনক হামে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ১৯২ জন রোগী ভর্তি আছেন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৪ জন। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৩ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন।
বিভাগের অন্যান্য হাসপাতালেও উল্লেখযোগ্যসংখ্যক রোগী চিকিৎসাধীন রয়েছেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন রোগী ভর্তি আছেন। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগীরা চিকিৎসাধীন রয়েছেন।
সব মিলিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫১৮ জন।
একদিনে মৃত্যু ৩ শিশুর
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে মৃতদের মধ্যে সুনামগঞ্জের দুই শিশু এবং মৌলভীবাজারের এক শিশুর তথ্য উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের চিকিৎসা হয়েছিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
সুনামগঞ্জে মৃত্যু ৬২
স্বাস্থ্য বিভাগের জেলা-ভিত্তিক হিসাবেও মৃত্যুর ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, সিলেটে এ পর্যন্ত সন্দেহজনক হামে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিত হামে হয়েছে।
হবিগঞ্জে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৯ জনের এবং নিশ্চিত হামে ৪ জনের। মৌলভীবাজারে সন্দেহজনক মৃত্যু ১৪ জনের এবং নিশ্চিত মৃত্যু ১ জনের। আর সুনামগঞ্জে সন্দেহজনক হামে ৬২ জনের মৃত্যু হয়েছে; নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১ জনের।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, সিলেট বিভাগে এ পর্যন্ত নিশ্চিত ও সন্দেহজনক—দুই ধরনের হিসাব মিলিয়ে মোট ১৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০ জন এবং সন্দেহজনক হামে ১৫৮ জনের মৃত্যু হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.