সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের চালে উঠে পড়ে। নিচে নামার পথ না পেয়ে সেখানে আটকা পড়ে ষাঁড়টি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের বিপরীতে মো. সরোয়ারের কম্পিউটার দোকানের টিনের চালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ষাঁড়টির মালিক দিরাই পৌরসভার বাগবাড়ি এলাকার বাসিন্দা আবুল বশর। ষাঁড়টি সাধারণত বাড়ির আশপাশে মুক্ত অবস্থায় ঘুরে বেড়ায় এবং ঘাস খায়।
মঙ্গলবার বিকেলে ষাঁড়টি পথ হারিয়ে উপজেলা প্রশাসনের কার্যালয়ের প্রধান ফটকের বিপরীতের একটি বাড়িতে ঢুকে পড়ে। একপর্যায়ে বাড়ির সিঁড়ি দিয়ে ছাদে উঠে লাফ দিয়ে পাশের টিনশেড কম্পিউটার দোকানের চালে চলে যায়। সেখানে গিয়ে নিচে নামার পথ না পেয়ে আটকা পড়ে ষাঁড়টি। খবর পেয়ে স্থানীয়রা সেখানে জড়ো হন। পরে তাদের সহযোগিতায় ষাঁড়টিকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।
এদিকে টিনের চালে দাঁড়িয়ে থাকা ষাঁড়টির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন
ষাঁড়টির মালিক আবুল বশর বলেন, ‘ষাঁড়টি সাধারণত বাড়ির আশপাশেই ঘুরে বেড়ায়। কীভাবে এটি দোকানের টিনের চালে উঠল, তা বুঝতে পারছি না। ধারণা করছি, পথ হারিয়ে পাশের বাড়ির সিঁড়ি দিয়ে উঠে চালে আটকা পড়েছিল। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় কাঠ ও বাঁশ দিয়ে ষাঁড়টিকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনি।
আইটি ল্যাব সলিউশন্স লি.