সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুইজনকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি ড্রেজার মেশিনসহ দুটি বালুর নৌকা (বলগেট) জব্দ করা হয়।
সোমবার মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নে কুশিয়ারা নদীতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন।
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আলামিন (৩৫) ও আফছর আলী (২৮) নামের দুই শ্রমিককে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে পৃথকভাবে ওই দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, একটি চক্র অবৈধভাবে ড্রেজার দিয়ে কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন করছে—এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে সংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িত ওই দুজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারার আওতায় মোট চার লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি বলেন, জনস্বার্থে ও নদীর পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.