প্রতিকী ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আয়েশা বেগম (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ছৈয়দ আহমদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামীকে আটক করেছে।
রোববার(১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামিরতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম জামিরতলী এলাকার ছৈয়দ আহমদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আয়েশা বেগমের সঙ্গে স্থানীয় জাফর আলমের পরকীয়া সম্পর্ক রয়েছে এমন সন্দেহ ছিল তার স্বামী ছৈয়দ আহমদের। এ বিষয়কে কেন্দ্র করে রাতে আয়েশা, জাফর আলম ও ছৈয়দ আহমদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পুলিশের তথ্যমতে জানা যায়, ওই ঘটনার পর ছৈয়দ আহমদ অজ্ঞাত কয়েকজনের সহায়তায় আয়েশাকে মারধর করেন। একপর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে মারা যান বলে ধারণা করা হচ্ছে।
পরে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে ছৈয়দ আহমদ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়েশা বেগমের মরদেহ উদ্ধার করে এবং অভিযান চালিয়ে তার স্বামী ছৈয়দ আহমদকে আটক করে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, “প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্বামীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। পরকীয়া সম্পর্কের বিষয়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত অন্যদের শনাক্ত ও আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.