প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩৪ (সোমবার)
শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত


পানিতে ডুবে মারা যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  শান্ত চন্দ্র বণিকের স্মরণে ‘শান্তর ক্যানভাস’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ আয়োজন করা করেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থীরা।

প্রয়াত শান্ত চন্দ্র বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পিএমই বিভাগের শিক্ষার্থী ছিলেন। চলতি বছরের ১৫ মে সিলেটের বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে মারা যান তিনি।


তার স্মরণে আয়োজিত প্রতিযোগিতার প্রথম ধাপে সিলেটের বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কিন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। এরপরে দ্বিতীয় ধাপের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।



এসময় পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকির জাকারিয়া ও সহকারী অধ্যাপক মো. আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি ও সিলেট আর্ট স্কুলের প্রশিক্ষক আরিফুল সুমন এবং সিলেট আর্টস কলেজের প্রশিক্ষক সুপ্রিয় তালুকদার জয়।


এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং অনলাইন এক্সিবিশন পরবর্তীতে আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।