প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২১ (সোমবার)
সিলেটে র‌্যাবের অভিযানে যুবক আটক

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৯। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন টুকের বাজার এলাকায় অবস্থান নেয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কোম্পানীগঞ্জ থানাধীন ইসলামপুর পূর্ব ইউনিয়নের পুরান বালুচর এলাকার জনৈক রোমান আহমদের বসতবাড়িতে কয়েকজন অনলাইন জুয়াড়ি অনলাইনে জুয়া খেলছে। পরে রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে র‌্যাবের দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি হলেন—রোমান আহমদ (২০), পিতা ফজলু মিয়া, সাং কালাইরাগ, থানা কোম্পানীগঞ্জ, জেলা সিলেট। বর্তমানে তিনি কোম্পানীগঞ্জ থানাধীন শান্তির বাজারের পূর্ব পাশে পুরান বালুচর এলাকায় বসবাস করেন।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে রোমান আহমদ স্বীকার করেন, তিনি স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কমিশনের মাধ্যমে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিকে অনলাইন জুয়ায় অংশ নিতে উৎসাহিত করতেন। এ জন্য তিনি বিভিন্ন অনলাইন জুয়া প্ল্যাটফর্ম ও অ্যাপ ব্যবহার করতেন এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জুয়ার অর্থ সংগ্রহ করে মূল এজেন্টের কাছে পাঠাতেন।

র‌্যাব আরও জানায়, আটক ব্যক্তির মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ও গ্যালারি পর্যালোচনা করে অনলাইন জুয়া খেলার টোকেন আদান-প্রদান, অর্থ লেনদেন এবং বিভিন্ন টোকেনের ছবি সংরক্ষণের তথ্য পাওয়া গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক রোমান আহমদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে এবং জব্দ করা আলামত এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৯ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।