সুনামগঞ্জের তাহিরপুরে র্যাব-৯-এর অভিযানে ১৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে থাকা ২-৩ জন ব্যক্তি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল তাহিরপুর থানাধীন বাদাঘাট ইউনিয়নের লাউড়ের গড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বাদাঘাট ইউনিয়নের লাউড়ের গড় বাজারসংলগ্ন একটি পরিত্যক্ত জমিতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে র্যাবের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব-৯ জানিয়েছে, উদ্ধার করা বিদেশি মদের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং উদ্ধার করা মাদকদ্রব্য ও আলামত সুনামগঞ্জের তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯-এর পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.