প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২৪ (সোমবার)
সিলেটে অভিযানে ২৪ গ্রেফতার, ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,শনিবার ( ১২ সেপ্টেম্বর)  রাত ১২টা থেকে ১৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টাব্যাপী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসএমপি। অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামিসহ মোট ২৪ জনকে আটক করা হয়।

এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগও মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৮৪টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

নিরাপদ সিলেট গড়তে এসএমপির অভিযান অব্যাহত থাকবে।