প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ (রবিবার)
সিলেট সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৮২ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ বাংলাবাজার, সংগ্রাম, শ্রীপুর, তামাবিল, বিছনাকান্দি ও উৎমা বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভারতীয় জিরা, চকলেট, চিনি, কসমেটিকস, চা পাতা, বিস্কুট ও গরুসহ বিভিন্ন চোরাচালানি পণ্য আটক করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, শিং মাছ ও বারকী নৌকাও আটক করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ৮২ হাজার টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।