প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫০ (রবিবার)
মৌলভীবাজারে সাবেক সেনা সদস্যের রাইস মিল ও দোকান ভাঙচুরের অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে গভীর রাতে একটি রাইস মিলসহ তিনটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে কয়েক টাকার মালামাল লুট ও অবকাঠামো ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে পূর্ব শত্রুতা ও জমি দখলের উদ্দেশ্যে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাইস মিলসহ তিনটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

​অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর এলাকায় ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মো. বদিউজ্জামানের একটি রাইস মিল, একটি ওয়েল্ডিংয়ের দোকান ও একটি কফি হাউজ রয়েছে। হামলাকারীরা প্রথমে রাইস মিলের কেয়ারটেকারকে অস্ত্রের মুখে প্রাণনাশের ভয় দেখিয়ে বের করে দেয়। এরপর রাইস মিলের মোটর, ধান, হলুদ, মরিচ, ধনিয়া কোটানো ও চাল গুঁড়া করার মেশিনপত্রসহ সব আসবাবপত্র, ওয়েল্ডিং দোকানের মেশিন ও অর্ডারি মালামাল, ৪টি সাটার, ফ্যান, লোহার জানালা এবং ১টি পাওয়ার টিলারসহ সর্বমোট ৭ লাখ ৬৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

​লুটপাটের পাশাপাশি হামলাকারীরা দুটি দোকান কোঠার পাকা দেয়াল ভেঙে গুঁড়িয়ে দেয়, যার ফলে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতিসাধন হয়। খবর পেয়ে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মো. বদিউজ্জামান ঘটনাস্থলে পৌঁছালে তাকেও গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তিনি ডাক-চিৎকার করে আত্মরক্ষা করেন এবং প্রতিবেশীদের সহায়তায় বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মো. বদিউজ্জামান বলেন,আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিচার চাই।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।