প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৫০ (রবিবার)
মৌলভীবাজারে র‌্যাবের অভিযানে পাইপগান ও লুটকৃত গুলি উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান ও থানা থেকে লুট হওয়া চায়না রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৯।

 

 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুঘইছড়া গ্রামের পানাইপুঞ্জি রোডের পশ্চিম পাশে রাজানগর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।

র‌্যাব জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, রাজানগর চা-বাগানের আশপাশে অস্ত্র ও গুলি রাখা রয়েছে। সংবাদের ভিত্তিতে রাত ১২টা ২০ মিনিটের দিকে র‌্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় রাজানগর চা-বাগানের ভেতর থেকে কালো পলিথিনের ব্যাগে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান এবং কুলাউড়া থানা থেকে লুট হওয়া চায়না রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তবে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় র‌্যাব-৯-এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে মৌলভীবাজারের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, গত ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, বিস্ফোরক ও অন্যান্য অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।