টানা কয়েক দিনের তীব্র গরমের পর সিলেটে নেমেছে স্বস্তির বৃষ্টি। শুক্রবার রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তবে অতিভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দেয়। বৃষ্টি থেমে যাওয়ার পর অনেক স্থান থেকেই দ্রুত পানি নেমে যায় বলে জানা গেছে।
গত কয়েকদিন ধরে সিলেটে বিরাজ করছিল তীব্র গরম। প্রচণ্ড গরমে ছোট-বড় সবাই অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। দিনের বেলা বাইরে বের হওয়া মানুষের ভোগান্তি বেড়ে যায়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শ্রমজীবী মানুষ। তীব্র গরম উপেক্ষা করে তাদের কাজ করতে হয়েছে।
শুক্রবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি এবং বুধবার ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যেই শুক্রবার আবহাওয়া অধিদপ্তর সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দেয়।
পূর্বাভাসের পর শুক্রবার রাত ১টার দিকে সিলেটের বিভিন্ন এলাকায় শুরু হয় ভারী বৃষ্টিপাত। শনিবার সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি অব্যাহত ছিল। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরপর শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, ‘শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী পাঁচ দিন সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’
টানা গরমের পর স্বস্তির এই বৃষ্টিতে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরলেও অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট সাময়িক জলাবদ্ধতা নিয়ে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে।
আইটি ল্যাব সলিউশন্স লি.