প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০৭ (শনিবার)
হবিগঞ্জে ও মৌলভীবাজারে সীমান্তে অভিযানে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিকস, মদ ও গাঁজা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। এসব অভিযানে জব্দ করা পণ্য ও মাদকদ্রব্যের মোট সিজারমূল্য ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে ৫৫ বিজিবির বিভিন্ন বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে মহাসড়কের পাশে একটি সন্দেহজনক ড্রাম ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে তল্লাশি চালান বিজিবি সদস্যরা।

তল্লাশির একপর্যায়ে ট্রাকে পরিবহন করা বালির নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে চোরাচালানকারীরা বালির আড়ালে এসব পণ্য পরিবহন করছিল বলে জানিয়েছে বিজিবি। জব্দ করা ভারতীয় শাড়ি ও কসমেটিকসের আনুমানিক সিজারমূল্য ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।

এদিকে, ৫৫ বিজিবির অধীন সিন্দুরখান, সাতছড়ি ও তেলিয়াপাড়া বিওপির পৃথক অভিযানে ভারতীয় মদ ও গাঁজা জব্দ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সিন্দুরখান বিওপির টহলদল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিমাইলত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করে।

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাতছড়ি বিওপির টহলদল চুনারুঘাট উপজেলার গারোটিলা এলাকায় অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

একই দিন রাত ৮টা ১০ মিনিটের দিকে তেলিয়াপাড়া বিওপির টহলদল মাধবপুর উপজেলার ২০ নম্বর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। পৃথক তিন অভিযানে মোট ১৪০ বোতল ভারতীয় মদ ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজারমূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা।

সব মিলিয়ে পৃথক অভিযানে জব্দ করা ভারতীয় পণ্য ও মাদকদ্রব্যের মোট সিজারমূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা।

জব্দকৃত মালামাল ও মাদকদ্রব্য বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।