সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়নের অধীন বাংলাবাজার, সোনালীচেলা, সংগ্রাম, প্রতাপপুর, শ্রীপুর, পাথরকোয়ারী, তামাবিল, বিছনাকান্দি, পান্থুমাই ও দমদমিয়া বিওপির সদস্যরা পৃথকভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে জিরা, চকলেট, কম্বল, গরু, শনপাপড়ী, সুপারি, জুস, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় রসুনও আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ৮৬ হাজার টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.