প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১৫ (শুক্রবার)
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চায়ের দোকানিকে বেধড়ক পিটুনি

ছবি সংগৃহীত :

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোবারক সরদার নামে এক চায়ের দোকানিকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

 

 

 

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ওই এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন মাস আগে মোবারক সরদার কৌশলে ওই কিশোরীকে ডেকে নিজের বসতঘরে নিয়ে যান। ওই সময় ঘরে পরিবারের কেউ ছিলেন না। সেখানে কিশোরীকে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

অভিযোগ রয়েছে, তিন-চার দিন আগে মোবারক ওই ভিডিও ছড়িয়ে দেন। এরপর বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে কিশোরীর বাড়িতে সালিস বসে। সেখানে মোবারক উপস্থিত না থাকলেও তার পক্ষের কয়েকজন ছিলেন। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিস শেষ হয়।

পরদিন শুক্রবার সকালে মোবারক কিশোরী ও তার পরিবারের সদস্যদের হুমকি দেন এবং তাদের দেখে নেওয়ার কথা বলেন বলে অভিযোগ। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে মারধর করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, ঘটনার পর তার মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করবেন।