প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪২ (শুক্রবার)
সিলেটে অভিযানে আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী আটক

সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে এক আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ার চাকুসহ এক ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

 

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলামের নেতৃত্বে সদর কোর্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আন্তঃজেলা ডাকাত মো. জামাল হোসেন সবুজকে গ্রেফতার করা হয়। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকার নুরুজ্জামানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার জামাল হোসেন সবুজের বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় দুটি ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি, ডাকাতির দুটি, ডাকাতির প্রস্তুতির একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি—মোট সাতটি মামলা রয়েছে।

অন্যদিকে, একই দিন বিকেল ৫টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশের আরেকটি অভিযানে নগরীর কাষ্টঘর এলাকা থেকে দেশীয় অস্ত্র সুইচ গিয়ার চাকুসহ ছিনতাইকারী তাজুল ইসলাম রাসেলকে গ্রেফতার করা হয়। তিনি সুনামগঞ্জ সদর থানার মাইজবাড়ী এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে।

পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।