প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪১ (বুধবার)
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পেলেন সিলেটের তৈমুর হোসেন খান

সিলেটের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ ও তৃণমূল থেকে উঠে আসা সংগঠক তৈমুর হোসেন খান বিপুল রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শর্তসাপেক্ষে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

তৈমুর হোসেন খান বিপুলের রাজনৈতিক জীবনের সূচনা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও নেতৃত্বগুণের মাধ্যমে তিনি ধীরে ধীরে সিলেট জেলা ছাত্রদলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। পরবর্তীতে তিনি সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় সিলেট জেলা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পর্যায়ে নেতাকর্মী গড়ে তোলা এবং সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখেন তিনি। নতুন নেতৃত্ব তৈরি ও তৃণমূল পর্যায়ের রাজনৈতিক কর্মীদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রেও তার সক্রিয়তা ছিল বলে সংশ্লিষ্টরা জানান।