ছবি: সংগৃহীত
উল্টো পথে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নগরের ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ (২) নগরের খাসদবীর এলাকার রাকিবুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ছেলে আব্দুল্লাহকে নিয়ে মোটরসাইকেলে বন্দরবাজারের দিকে যাচ্ছিলেন রাকিবুল ইসলাম।
এ সময় উল্টো পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয় শিশু আব্দুল্লাহ। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির এ তথ্য নিশ্চিত করে বলেন, দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা উল্টো পথে আসায় মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে শিশুটি রাস্তায় পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির বাবাও আহত হয়েছেন।
তিনি বলেন, দুর্ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে শিশুটির মরদেহ সুরতহাল করা হয়। ময়নাতদন্তের পর শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, বলেও জানায় পুলিশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.