সিলেটের কোম্পানীগঞ্জ থানায় হত্যা, অস্ত্র, মাদক, চুরি-ডাকাতিসহ ২০টি মামলার আসামি এবং সাজাপ্রাপ্ত পলাতক শীর্ষ মাদক ব্যবসায়ী মো. কাউছার মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট মহানগরের জালালাবাদ থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের পাঠানটুলা মোড় সংলগ্ন ফুলকলি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। র্যাব জানায়, কাউছার মিয়া সিলেটের কোম্পানীগঞ্জ থানার হত্যা, অস্ত্র, মাদক, চুরি-ডাকাতিসহ ২০টি মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া মাদক মামলায় তার তিন বছরের সাজা হয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতার কাউছার মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার ফেদারগাঁও গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে।
র্যাব-৯-এর দেওয়া তথ্য অনুযায়ী, কাউছারের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় দায়ের করা একটি মাদক মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(ম) ধারায় মামলা রয়েছে। ওই মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি পলাতক ছিলেন।
র্যাব-৯ জানায়, প্রতিষ্ঠার পর থেকেই মাদক উদ্ধার, হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার, জঙ্গি দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি বিভিন্ন অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কাউছারকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাউছার মিয়াকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেটসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.