সিলেটে হাম পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮০ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৮ জন সন্দেহজনক রোগী। তবে এ সময়ে হাম রোগে নতুন করে কারও মৃত্যু হয়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে ১৮০ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৪৯৮ জন সন্দেহজনক রোগীর মধ্যে সিলেট জেলায় ৩৯৯ জন, সুনামগঞ্জে ৪৭ জন, মৌলভীবাজারে ৩৫ জন এবং হবিগঞ্জে ৭ জন রয়েছেন।
সিলেটের হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ভর্তি রয়েছেন ১৮৮ জন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬১ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন এবং মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৭ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন সন্দেহজনক রোগী ভর্তি হয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেটে ৩৭৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। নিশ্চিত রোগীদের মধ্যে রুবেলায় আক্রান্ত ২ জনও রয়েছেন।
এদিকে সন্দেহজনক হাম রোগে এ পর্যন্ত সিলেট বিভাগে ১৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৬০ জন, হবিগঞ্জে ১৮ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৮ জন মারা গেছেন।
অন্যদিকে নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত মারা গেছেন ১০ জন। এর মধ্যে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জন। সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯ জনে।
তবে গত ২৪ ঘণ্টায় হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্তও হয়নি। এরপরও বিভাগের বিভিন্ন হাসপাতালে প্রায় ৫০০ সন্দেহজনক রোগীর চিকিৎসাধীন থাকা হাম পরিস্থিতির উন্নতি না হওয়ারই ইঙ্গিত দিচ্ছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.