মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে চোরাই পথে আনা ৩০০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য সাড়ে ১৩ লাখ টাকা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. ইমানুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল জাম্বুরাছড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে সুমন মিয়া (২৬) ও তারেক মিয়া (২৬) নামে দুই যুবককে আটক করা হয়।
পরে আটককৃত দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় লেহেন খাড়িয়ার বাড়ির পূর্ব পাশে একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালায় পুলিশ। সেখানে পলিথিনে মোড়ানো ১৬টি বান্ডিল উদ্ধার করা হয়। বান্ডিলগুলো খুলে বিভিন্ন রঙের ৩০০ পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়।
প্রতিটি শাড়ির আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা হিসেবে জব্দকৃত ৩০০ পিস শাড়ির মোট মূল্য প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের আরও ৩ থেকে ৪ জন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানাযায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুজন নিকটবর্তী ভারতীয় সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে শাড়িগুলো বাংলাদেশে আনার কথা স্বীকার করেছেন। পরে এসব শাড়ি বিভিন্ন মার্কেটের দোকানে অধিক মূল্যে বিক্রির পরিকল্পনা ছিল বলেও পুলিশ জানিয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, আটককৃত দুজনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর বিকাল সাড়ে তিনটার দিকে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারের এবং চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.