সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সন্তান ও সিলেটে কর্মরত ট্যুরিস্ট পুলিশের এক কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে ধর্ম অবমাননাকর ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা সিলেটের গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা বিশ্বজিৎ রায়ের অভিযোগ, তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ভুয়া ফেসবুক আইডি খুলে এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে।
বিশ্বজিৎ রায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর পূর্বপাড়ার বাসিন্দা বেনু মাধব রায় ও অঞ্জনা রানী রায়ের ছেলে। তিনি বর্তমানে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ট্যুরিস্ট পুলিশ জোনে কর্মরত রয়েছেন।
ঘটনার বিষয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।
জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১১টা ৪৪ মিনিটে পরিচিত এক সাংবাদিকের মাধ্যমে ভুয়া ফেসবুক আইডির বিষয়টি জানতে পারেন বিশ্বজিৎ রায়। পরে ওই সাংবাদিকের পাঠানো লিংকে প্রবেশ করে তিনি দেখতে পান, তার নাম এবং মূল ভেরিফায়েড ফেসবুক আইডির ছবি হুবহু ব্যবহার করে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে।
অভিযোগ রয়েছে, ওই ভুয়া আইডি থেকে পবিত্র কোরআন শরিফ, ইসলাম ধর্ম, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত ফাতেমা (রা.)-কে নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে।
বিশ্বজিৎ রায় বলেন, ‘আমার মূল ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ ধরনের কোনো পোস্ট করা হয়নি। ভুয়া আইডিটি পর্যালোচনা করলে সেখানে একাধিক বানানের ভুলও দেখা যায়। আমাকে ও আমার পরিবারকে সামাজিকভাবে বিব্রত করা এবং চক্রান্তমূলকভাবে আমার ভাবমূর্তি নষ্ট করতেই কেউ এ ভুয়া আইডি তৈরি করেছে।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি জাফলং ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ তপন তালুকদারকে জানিয়ে পরবর্তীতে গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি করেছি।’
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ভুয়া আইডি পরিচালনাকারী ও সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে ভুয়া ফেসবুক আইডিটি কে বা কারা পরিচালনা করছে, তা শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.