সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সিলেট নগরীর রিকাবীবাজার পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেন (২৭), এহসান হোসেন (২৫), আব্দুল্লাহ আল রাহি (২৫) ও শাহ তাহমিদ আহমদ (৩৩)। তাদের সবার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এসব ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা করা হয়।
মামলাগুলো হলো—কোতোয়ালী মডেল থানার মামলা নম্বর ২৬, তারিখ ১৮ জুন ২০২৬; এবং মামলা নম্বর ৫৩, তারিখ ৩০ আগস্ট ২০২৬। উভয় মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই মামলাগুলোর তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন আসামি হিসেবে চারজনকে শনাক্ত করা হয়। পরে সোমবার রাতে রিকাবীবাজার পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃত এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় পূর্বের তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০২৩ সালের ১ জুনের একটি মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৪/৩২৬/৩০৭ ধারায় এবং ২০২১ সালের ১ মে দায়ের করা আরেকটি মামলায় ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ ধারায় মামলা রয়েছে। এছাড়া ২০১৮ সালের ২৯ মার্চ দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত চার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.