প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২২ (সোমবার)
ভয়াবহ ঝড়ে লন্ডভন্ড, বিদ্যুৎহীন হাজারও পরিবার 

ছবি: সংগৃহীত

জর্জিয়া অঙ্গরাজ্যের মেট্রো আটলান্টা এলাকায় শক্তিশালী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ঝোড়ো বাতাসে বিশালাকার গাছ উপড়ে পড়ে বিদ্যুৎলাইন ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাথমিকভাবে ৫০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। পরবর্তীতে দ্রুত মেরামতকাজ চালানোয় বিভ্রাটের মাত্রা অনেকটাই কমে এসেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স ৫ আটলান্টার প্রতিবেদনের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি ও ঘণ্টায় প্রায় ৬০ মাইল গতির বাতাসসহ একটি শক্তিশালী ঝড় মেট্রো আটলান্টার ওপর দিয়ে অতিক্রম করে। ঝড়ের আঘাতে শহরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে বিদ্যুৎ লাইনের ওপর পড়লে সরবরাহ পুরোপুরি ভেঙে পড়ে।

সবচেয়ে বেশি প্রভাব পড়ে ফুলটন কাউন্টিতে। বিদ্যুৎ সংস্থার হিসাব অনুযায়ী, একপর্যায়ে শুধু এই কাউন্টিতেই ৩৪ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। পাশাপাশি কাব ও হল কাউন্টিতেও হাজার হাজার পরিবার বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দক্ষিণ-পশ্চিম আটলান্টা ও রোজওয়েল এলাকায় উপড়ে পড়া বিশাল গাছের চাপায় বাড়িঘর ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয় এবং গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যায়।

ঝড়ের সার্বিক প্রভাবে গোটা এলাকায় ট্রাফিক সিগন্যাল বন্ধ হয়ে চরম পরিবহন বিশৃঙ্খলা দেখা দেয়। ফলে জরুরি পরিষেবার যানবাহন চলাচলেও সাময়িক বিঘ্ন ঘটে।

পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ সংস্থার কর্মীদের পাশাপাশি স্থানীয় ফায়ার বিভাগ ও জরুরি উদ্ধারকারী দল রাস্তায় জমে থাকা উপড়ে পড়া গাছ ও তার সরানোর কাজ ত্বরান্বিত করে। দ্রুত মেরামতের ফলে বিদ্যুৎহীন গ্রাহকের সংখ্যা ৫০ হাজার থেকে কমে ৫ হাজারে নেমে এসেছে বলে ফক্স ৫-এর সর্বশেষ আপডেটে জানানো হয়।

এদিকে জাতীয় আবহাওয়া পরিষেবা অঞ্চলটিতে তীব্র বজ্রঝড় ও শিলাবৃষ্টির আগাম সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। জর্জিয়া পাওয়ার কর্তৃপক্ষ কোনো অবস্থাতেই মাটিতে পড়ে থাকা ছিঁড়ে যাওয়া বিদ্যুৎলাইনের কাছে না যেতে সতর্কবার্তা জারি করেছে। প্রচণ্ড গরমের সঙ্গে পরবর্তীতে নতুন করে ঝড় হওয়ার সম্ভাবনা থাকায় বিশেষ করে বয়স্ক ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে আগাম প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।