প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৬ (সোমবার)
এবার নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

ছবি সংগৃহীত :

ময়মনসিংহের নান্দাইলে অনুশীলন শেষে বাড়ি ফেরার পথে এক নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহমুদুল (৩২) নামের এক ইজিবাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল সদর এলাকায় ভুক্তভোগী নারী ফুটবলার ও তার সহখেলোয়াড়রা অভিযুক্ত চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ওই রাত ১০টার দিকে নান্দাইল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর ফুটবল অনুশীলন শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন ওই নারী ফুটবলার। পথে নির্জন স্থানে তাকে একা পেয়ে চালক মাহমুদুল ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।

এ সময় ওই নারী ফুটবলার চালকের সঙ্গে ধস্তাধস্তি করে আত্মরক্ষা করেন। ঘটনার পর মাহমুদুল এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

রোববার বিকেলে নান্দাইল সদর এলাকায় তাকে দেখতে পান ভুক্তভোগী। পরে তিনি সহখেলোয়াড়দের বিষয়টি জানালে তারা মিলে মাহমুদুলকে ধাওয়া করে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

মাহমুদুল নান্দাইলের শেয়ারপুর ইউনিয়নের শামসুল হকের ছেলে।

নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহমুদুলের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।