ছবি: সংগৃহীত
মসজিদ কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হাসান (৩৯) খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।
পুলিশ সুপার মিরাজুল জানান, হত্যাকাণ্ডের পর থেকেই বাঘারপাড়ার খাজুরা ক্যাম্প পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে আসিফ হোসেন ছাড়াও রাব্বি হোসেন (২০), মারুফ হোসেন (২৩) ও সামিনুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চায়নিজ কুড়াল, একটি বার্মিজ চাকু ও ছোট আকৃতির একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের মূলহোতা আসিফ হোসেন শুক্রবার সন্ধ্যার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি মসজিদ কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট কোন্দলের জের ধরে রুবেলকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন।’
পুলিশ জানায়, গত ১৩ জুলাই বাঘারপাড়া উপজেলার খাজুরা তেল পাম্পসংলগ্ন যশোর-মাগুরা মহাসড়কে দুর্বৃত্তদের হামলায় নিহত হন বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাসান।
গ্রেফতার চারজনের মধ্যে সামিনুর ছাড়া বাকি তিনজনই মামলার এজাহারভুক্ত আসামি। রাব্বি হোসেনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.