সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে বাসের আসন পরিবর্তন করে স্লিপার কোচ পরিচালনা এবং অন্যান্য অনিয়মের দায়ে তিনটি পরিবহনের মালিককে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৯ ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সুনামগঞ্জ সদর থানাধীন মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডের বিভিন্ন বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী কোনো নিবন্ধিত মোটরযানের কারিগরি, অভ্যন্তরীণ বা বাহ্যিক কাঠামো এবং আসন বিন্যাসে পরিবর্তন আনতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু অনুমোদন ছাড়াই বাসের চেয়ার কোচের আসন সরিয়ে স্লিপার বা বেড স্থাপন, আসন বিন্যাস পরিবর্তন কিংবা বাসের অনুমোদিত শ্রেণি পরিবর্তন করে যাত্রী পরিবহন আইনবিরোধী।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জ ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল বাসস্ট্যান্ডের বিভিন্ন কাউন্টারে অভিযান চালায়। এ সময় অনুমোদনহীনভাবে বাসের চেয়ার কোচকে স্লিপার কোচে রূপান্তরসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় তিনটি পরিবহনের মালিককে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তদের মধ্যে বেঙ্গল পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা, শ্যামলী পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা এবং ইম্পেরিয়াল পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে জরিমানার পরিমাণ ৯০ হাজার টাকা।
এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, সড়ক পরিবহন আইন অনুযায়ী অনুমোদন ছাড়া যানবাহনের কাঠামো বা আসন বিন্যাস পরিবর্তন করে যাত্রী পরিবহন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে র্যাব-৯-এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.