ছবি: সংগৃহীত
ফেসবুক ও ইউটিউবসহ নানা অনলাইন মাধ্যমে অনুমোদনহীন মোবাইল অ্যাপ থেকে ঋণ নিয়ে প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এ ধরনের চক্রের হাত থেকে বাঁচতে বিশেষ সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে মোবাইল অ্যাপে নিবন্ধিত হলেই বিপদ শুরু হচ্ছে। অ্যাপটি ইনস্টল করার সঙ্গে সঙ্গেই গ্রাহকের ফোনের সংরক্ষিত ফোন নম্বর, ছবি, ভিডিও, ব্যক্তিগত তথ্য ও মেসেজ অ্যাপ নিয়ন্ত্রণকারীদের কাছে চলে যায়।
এরপর ঋণ দেওয়া মাত্রই শুরু হয় আসল ব্ল্যাকমেইল। নির্ধারিত সময়ের আগেই চড়া সুদে অস্বাভাবিক টাকা দাবি করা হয়।
টাকা দিতে না পারলে ফোনে থাকা ব্যক্তিগত ছবি ও স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এভাবেই অসংখ্য মানুষকে ব্ল্যাকমেইল ও হয়রানি করছে চক্রগুলো।
বাংলাদেশ ব্যাংক বলছে, অনুমোদন ছাড়া অনলাইনে অ্যাপ খুলে ঋণ দেওয়া সম্পূর্ণ বেআইনি। ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ১৫(২) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম চালানো নিষিদ্ধ। একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।
শুধু অ্যাপ পরিচালনাকারীরাই অপরাধী নন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এসব অবৈধ অ্যাপে নিবন্ধন করে বা ঋণ লেনদেন করে গ্রাহকরাও না জেনে অপরাধে জড়িয়ে পড়ছেন।
তাই এ ধরনের চক্র থেকে সুরক্ষিত থাকতে অনলাইনের কোনো অবৈধ অ্যাপ থেকে ঋণ নেওয়া কিংবা এদের সঙ্গে যেকোনো প্রকার লেনদেন থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে জোর অনুরোধ জানানো হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.