সিলেট বিভাগে হাম পরিস্থিতির প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১২ জন সন্দেহজনক হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হাম রোগে আরও একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ জনে। অন্যদিকে, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন ৪৬৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের ৬ সেপ্টেম্বরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১২
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে বিভিন্ন হাসপাতালে ১১২ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৩ জন ভর্তি হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন। বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কয়েকজন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৪৬৬ সন্দেহজনক রোগীর মধ্যে ১৯১ জন চিকিৎসাধীন রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪১ জন।
এছাড়া পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন এবং নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন। বাকি রোগীরা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত সুমাইয়া (১৮) মৌলভীবাজারের বাসিন্দা ছিলেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে সিলেট জেলায় ৬৪ জন, হবিগঞ্জে ২১ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৫৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ১৫৮ জন।
এর মধ্যে সন্দেহজনক হাম রোগে মারা গেছেন ১৪৮ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জন।
নিশ্চিত হাম রোগী হাজার ছাড়িয়েছে
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১ জন।
জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।
হাসপাতালগুলোতে বাড়ছে চাপ
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, সিলেট বিভাগের চার জেলাতেই হামজনিত মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট ও সুনামগঞ্জে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।
একদিকে চলতি বছরে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজারের বেশি, অন্যদিকে বর্তমানে ৪৬৬ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর সঙ্গে প্রতিদিন নতুন রোগী যুক্ত হওয়ায় হাসপাতালগুলোর ওপর চিকিৎসা ও ব্যবস্থাপনার চাপ ক্রমেই বাড়ছে।
বিশেষ করে একদিনে ১১২ জন নতুন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। দ্রুত রোগী শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ জোরদার না করা হলে হাসপাতালগুলোর ওপর চাপ আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন
আইটি ল্যাব সলিউশন্স লি.