প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৯ (রবিবার)
হবিগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

হবিগঞ্জের চুনারুঘাটে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি কাওসার ভূঁইয়াকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গ্রেফতারকৃত কাওসার ভূঁইয়া আলীরাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের বিল্লাল হোসেন ভূঁইয়ার ছেলে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আলীরাজাপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় চুনারুঘাট থানার মামলা নং-১১, তারিখ ৪ জুলাই ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী/২০২৫)-এর ৯(১) ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি মো. কাওসার ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের দেওয়া তথ্যে জানা যায়, ভুক্তভোগী ওই নারী একই এলাকার বাসিন্দা ও প্রতিবন্ধী। কাওসার বিভিন্ন সময় তাকে উদ্দেশ্য করে অশ্লীল কথাবার্তা বলাসহ নানাভাবে উত্ত্যক্ত করতেন।

ঘটনার দিন ২১ মে রাত আনুমানিক আড়াইটার দিকে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে যান। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা কাওসার পেছন দিক থেকে তার কাছে গিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক বাড়ির পাশে একটি আমগাছের নিচে নিয়ে যান। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে কাওসার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই কাওসার আত্মগোপনে ছিলেন।

আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে তাকেগ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কাওসার ভূঁইয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব। র‌্যাব-৯ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।