প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৯ (শনিবার)
চাইনিজ তাইপেকে সেভেন আপের লজ্জায় ডুবিয়ে শুভসূচনা বাংলাদেশের

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী দল। এই ম্যাচে দাপট দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। নজরকাড়া জোড়া গোলের সুবাদে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার রিয়ার।

শনিবার (৫ সেপ্টেম্বর) চীনের ম্যাকাওতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এতে এশিয়া কাপে উড়ন্ত শুরু পেয়েছেন রিয়া-কনারা।


এদিন ম্যাচের শুরু থেকে শেষ বাঁশি বাজা পর্যন্ত টার্ফে ছিল কেবলই বাংলাদেশি মেয়েদের একচেটিয়া আধিপত্য। প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক হকির পসরা সাজিয়ে প্রতিপক্ষকে রীতিমতো কোণঠাসা করে রাখে তারা।

ম্যাচের ডেডলক ভাঙেন কনা আক্তার। তার দারুণ এক গোলে লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। কনার পর তাইপের রক্ষণভাগ তছনছ করে দেন ইমা ও আইরিন আক্তার রিয়া। স্টিকের নান্দনিক জাদুতে প্রতিপক্ষকে বোকা বানিয়ে এই দুজনই আদায় করে নেন জোড়া গোল।

ম্যাচের শেষভাগে এসেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। বরং চতুর্থ কোয়ার্টারে গোল উৎসবে যোগ দেন খোদ অধিনায়ক সারিকা রিমন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে চমৎকার দক্ষতায় পরপর দুটি গোল করে দলের ৭-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন তিনি।