প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৩ (শনিবার)
সুনামগঞ্জে আগুনে পুড়ল ৩টি পরিবারের বসতঘর

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিদ্যুতের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতঘর পুড়ে গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের দেবগ্রাম এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘরে থাকা আসবাবপত্র, ধান-চাল, কম্পিউটার, ল্যাপটপ ও দোকানের মালামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের সুকেশ দেব, বাবুল দেব ও কৃষ্ণ দেবের বসতঘর পাশাপাশি। প্রথমে সুকেশ দেবের ঘরে বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুনের শিখা পাশের দুটি পরিবারের ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে অংশ নেন।

পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই থেকে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই তিন পরিবারের বসতঘর ও ঘরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ফজল মিয়া অগ্নিকাণ্ডেরএ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে বসতঘরে থাকা কম্পিউটার, ল্যাপটপ, দোকানের মালামাল, ধান-চালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।