ছবি সংগৃহীত :
ব্যবসার ভালো ধারণা আছে, কিন্তু পুঁজি নেই-এমন তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অর্ধেক অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা দেওয়া হবে অনুদান হিসেবে।
বাকি ১০ লাখ টাকা দেওয়া হবে ৪ থেকে ৭ শতাংশ সুদে ঋণ হিসেবে। আর এ ঋণের জন্য কোনো জামানত দিতে হবে না।
উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাদের অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘উদ্যোগ’ নামে এ কর্মসূচি চালু করছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘উদ্যোগ’ কোনো প্রতিযোগিতা বা প্রচলিত ঋণ কর্মসূচি নয়।
তফসিলি ব্যাংকগুলো তাদের বিদ্যমান শাখা নেটওয়ার্ক ব্যবহার করে উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করবে। এরপর আবেদনকারীর ব্যবসায়িক ধারণা, প্রয়োজনীয় অর্থের পরিমাণ এবং ব্যবসার সম্ভাব্যতা যাচাই করে অর্থায়নের ব্যবস্থা করা হবে।
সর্বোচ্চ ২০ লাখ টাকা
কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তাকে তার ব্যবসার প্রয়োজন অনুযায়ী অর্থায়ন করা হবে। এর সর্বোচ্চ ৫০ শতাংশ বা ১০ লাখ টাকা দেওয়া হবে অনুদান হিসেবে। বাকি ১০ লাখ টাকা দেওয়া হবে ব্যাংকঋণ হিসেবে।
ঋণের সুদের হার হবে ৪ থেকে ৭ শতাংশ। তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণটি হবে সম্পূর্ণ জামানতবিহীন।
তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদান হিসেবে পাওয়া অর্থও সুদমুক্ত ঋণে পরিণত হবে। এরপর প্রচলিত ব্যাংকিং নিয়ম অনুযায়ী ঋণ হিসাবটি শ্রেণিকৃত হবে। সংশ্লিষ্ট উদ্যোক্তা খেলাপি হিসেবে বিবেচিত হবেন এবং ভবিষ্যতে নতুন ঋণ পাওয়ার যোগ্যতা হারাবেন।
বয়স সর্বোচ্চ ২৮ বছর
আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর এমন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। তবে তাকে সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে।
এক্ষেত্রে পূর্ববর্তী ব্যবসায়িক অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। শুধু বাস্তবসম্মত ও সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে।
কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, প্রাণিসম্পদ, পর্যটন, সেবা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগসহ সব ধরনের বৈধ ব্যবসা কর্মসূচির আওতায় থাকবে।
আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না। নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন করা যাবে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারির পর এক মাসের মধ্যে আবেদন করতে হবে।
প্রথম ধাপে ৮ জেলার ৬৪ উপজেলা
প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের একটি করে জেলা নিয়ে ‘উদ্যোগ’ কর্মসূচি শুরু হবে। জেলাগুলো হলো-মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা।
এই আট জেলার ৬৪টি উপজেলায় প্রথম ধাপে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে নির্বাচন করা হবে।
পরবর্তী সময়ে দেশের অন্যান্য জেলার উপজেলাতেও কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে। ধারাবাহিকভাবে প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক।
অর্থায়নের পাশাপাশি প্রশিক্ষণ
‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় শুধু অর্থায়ন নয়, ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় অন্যান্য সহায়তাও দেওয়া হবে।
নির্বাচিত উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের মাধ্যমে নিয়মিত পরামর্শ, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা এবং বাজারসংযোগের সুযোগ দেওয়া হবে।
একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা তিন থেকে পাঁচজনের কর্মসংস্থান তৈরি করতে পারেন। ফলে উপজেলা পর্যায়ে নতুন ব্যবসা গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগ আগামী ১৬ সেপ্টেম্বর কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত সার্কুলার জারি করবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.