প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩২ (রবিবার)
সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

সিলেট সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, রসুন, সুপারি, জিরা, শাড়ি, চকলেট, কসমেটিকস, এনার্জি ড্রিংক ও মদসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এ সময় বাংলাদেশ থেকে পাচারের সময় একটি বারকি নৌকাও আটক করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, দমদমিয়া, পান্থুমাই, প্রতাপপুর, সোনালীচেলা, সংগ্রাম ও কালাসাদেক বিওপির সদস্যরা পৃথক পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ভারতীয় গরু, রসুন, সুপারি, জিরা, শাড়ি, চকলেট, কসমেটিকস, এনার্জি ড্রিংক ও মদসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় একটি বারকি নৌকা আটক করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৫ লাখ ৫৩ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।