প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫১ (শুক্রবার)
সুনামগঞ্জে হ্যান্ডকাফসহ পালানো আসামি গ্রেফতার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে ফেসবুক লাইভে এসে আলোচনায় আসা ডাকাতি মামলার আসামি আসির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ শহরের পানসী রেস্টুরেন্ট থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার  করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ দল।

বুধবার রাত ৯টার দিকে জেলার শান্তিগঞ্জ থানা পুলিশ উপজেলার দামোধরতপী পয়েন্টে অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামি আসির মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার পরিবারের লোকজন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে পুলিশের হাতকড়াসহ হেফাজত থেকে কৌশলে পালিয়ে যান আসির।


পরে ওই রাতেই নিজের ফেসবুক আইডি থেকে হাতকড়া পরা অবস্থায় লাইভে আসেন তিনি।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। একপর্যায়ে রাতে শান্তিগঞ্জ থানা পুলিশ আসিরের সঙ্গে সমঝোতা করে শুধু হ্যান্ডকাফটি উদ্ধার করে বলে জানা গেছে।
 

এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা-সমালোচনা শুরু হয়। ঘটনার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে পলাতক আসামি আসির মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আসির মিয়াকে গ্রেফতারের এ তথ্য  নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।