প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১০ (শুক্রবার)
চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিয়ে আলোচনার মধ্যেই সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট সফরে আসছেন। সফরকালে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন করবেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সময়মতো হাসপাতালে উপস্থিত না হওয়া এবং নির্ধারিত সময়ের আগেই কর্মস্থল ত্যাগের অভিযোগ নিয়ে আলোচনা চলার মধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর এ পরিদর্শনকে গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে গত বুধবার (২ সেপ্টেম্বর) জারি করা সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। সকাল ৭টায় বিমানযোগে সিলেটের উদ্দেশে যাত্রা করে সকাল ৭টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

পরে সকাল ৮টা ১৫ মিনিটে সিলেট সার্কিট হাউজে পৌঁছাবেন স্বাস্থ্যমন্ত্রী। সেখান থেকে সকাল ৯টা ৩০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যাবেন তিনি।

ওসমানী হাসপাতাল পরিদর্শন শেষে সকাল ১১টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন করবেন স্বাস্থ্যমন্ত্রী। দুই হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে সিলেটের স্বাস্থ্যসেবা পরিস্থিতি, চিকিৎসা কার্যক্রম এবং অবকাঠামোগত বিষয়গুলো সরেজমিনে পর্যালোচনা করবেন তিনি।

হাসপাতাল পরিদর্শন শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউজে ফেরার কথা রয়েছে মন্ত্রীর।

সরকারি সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউজ থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। বিকেল ৪টায় বিমানবন্দরে পৌঁছে সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে বিমানে যাত্রা করবেন। বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সড়কপথে মিন্টো রোডের সরকারি বাসভবনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত সরকারি সফরসূচিতে এসব তথ্য জানানো হয়েছে। সফরে মন্ত্রীর একান্ত সচিব তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।