প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৪ (শুক্রবার)
সাড়ে তিন লাখ টাকার ভারতীয় ওষুধসহ স্বামী-স্ত্রী আটক

ছবি সংগৃহীত :

ঝিনাইদহের মহেশপুরে সাড়ে তিন লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় ওষুধসহ এক দম্পতিতে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নেপা গ্রাম থেকে ওই দম্পতিকে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

আটককৃতরা হলেন- বাঘাডাংঙ্গা গ্রামের জাকরিয়া (২৯) এবং তার স্ত্রী পারভিন খাতুন (১৯)।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল উপজেলার নেপা গ্রামে আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ঘরে তল্লাশি চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই বাড়ির ভাড়াটিয়া জাকারিয়া ও তার স্ত্রী পারভীন খাতুনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে ঘরের বিছানার নিচে লুকিয়ে রাখা ৬ হাজার ৭০০ পিস অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট ও ক্যাপসুল জাতীয় ওষুধ উদ্ধার করে পুলিশ।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদক ও মাদকজাতীয় বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধের চোরাচালান দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।