সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ীসহ ম্যাজিস্ট্রেটের নির্দেশে এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী বিভিন্ন অপরাধে মোট ৫৮ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে পুলিশ ৩২ পিস ইয়াবা এবং ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করেছে।
এদিকে, মহানগর ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৯১টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.