প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৩ (শুক্রবার)
সুনামগঞ্জে হাতকড়াসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসির মিয়া (৩০) নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির মধ্যে তিনি হাতকড়াসহ পালিয়ে যান বলে জানা গেছে। তবে পুলিশ বলছে, আসামি হাতকড়া নিয়ে পালাননি।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে। পলাতক আসির মিয়া দামোধরদপী গ্রামের বাসিন্দা। তিনি একটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরদপী পয়েন্টে অভিযান চালিয়ে আসির মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নেওয়ার সময় স্বজনরা বাধা দেন। এ সময় সেখানে হট্টগোল ও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

একপর্যায়ে পুলিশের নজর এড়িয়ে আসির মিয়া সেখান থেকে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রের দাবি। পরে তিনি ফেসবুক লাইভে এসে হাতে হাতকড়া পরা অবস্থায় নিজেকে নির্দোষ দাবি করেন।

দামোধরদপী গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মো. আজির উদ্দিন বলেন, ‘আমি একটি বিচার-শালিসে ছিলাম। পরে শুনেছি আসির মিয়াকে আটকের সময় হইচইয়ের মধ্যে সুযোগ বুঝে সে পুলিশের হাতকড়াসহ পালিয়ে গেছে।’

এদিকে আসামি পালিয়ে যাওয়ার পর তাকে পুনরায় গ্রেফতারে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি শুরু করে শান্তিগঞ্জ থানা-পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলী উল্লাহ বলেন, ‘আমার অফিসার নিয়মিত মামলার আসামিকে গ্রেফতার করার পর কয়েকজন নারী একটু ঝামেলা সৃষ্টি করেন। তখন সে পালিয়ে যায়। তবে আসামি হাতকড়া নিয়ে পালায়নি।’