সিলেটের গোলাপগঞ্জে মুখোমুখি সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া ডাম্পট্রাকের ভেতরে আটকা পড়েছিলেন চালক। দুর্ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেটের গোলাপগঞ্জ থানাধীন আলীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানায়, টিকরপাড়ার জায়গীরদার বাজারসংলগ্ন সিলেট-বিয়ানীবাজার সড়কে একটি মিনি-ট্রাক ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর দুটি যানই সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ডাম্পট্রাকের চালক গাড়ির ভেতরে আটকা পড়েন।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত উদ্ধার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল শিল্পী খাতুন। পরে বিষয়টি সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সঙ্গে সমন্বয় ও তদারক করেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন।
খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও বিয়ানীবাজার থানার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে গাড়ির ভেতর আটকে থাকা ডাম্পট্রাকের চালক আশিকুর রহমানকে (৪৫) উদ্ধার করা হয়।
পরে আহত আশিকুর রহমানকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া সাব অফিসার আকরামুল ইসলাম ৯৯৯ কর্তৃপক্ষকে উদ্ধার ও আহত চালককে হাসপাতালে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা, অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ৯৯৯ নম্বরে ফোন করলে সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.