প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩৫ (শুক্রবার)
লন্ডনে ফিরছে ব্যালন ডি’অর, দিনক্ষণ চূড়ান্ত

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারগুলোর একটি ব্যালন ডি’অরের ৭০তম আসরের কাউন্টডাউন শুরু হয়েছে। আগামী ২৬ অক্টোবর ইংল্যান্ডের লন্ডনে বসবে জমকালো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

তবে মূল আয়োজনের আগে আগামী ৮ সেপ্টেম্বর প্রকাশ করা হবে ব্যালন ডি’অরের বিভিন্ন ক্যাটাগরির বহুল প্রতীক্ষিত সংক্ষিপ্ত তালিকা। ভক্তরা সেদিন সবার আগে তালিকাটি দেখতে পারবেন ব্যালন ডি’অরের অফিসিয়াল ওয়েবসাইটে।

এবারের পুরুষ বিভাগে যিনি ব্যালন ডি’অর জিতবেন, তিনি হবেন পুরস্কারটির ইতিহাসে ৭০তম বিজয়ী। আর নারী বিভাগে বিজয়ী হবেন অষ্টম। এছাড়া গত মৌসুমের সেরা তরুণ খেলোয়াড়, গোলকিপার, ক্লাব ও কোচদেরও সম্মানিত করা হবে এই অনুষ্ঠানে।

শর্টলিস্ট প্রকাশের পরই শুরু হবে পুরস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ভোটিং। ফুটবলবিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিকদের নিয়ে গঠিত বৈশ্বিক জুরি বোর্ড এই ভোট পরিচালনা করবে। পুরুষ বিভাগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের প্রতিটি দেশ থেকে একজন করে সাংবাদিক এবং নারী বিভাগে শীর্ষ ৫০ দেশের প্রতিটি দেশ থেকে একজন সাংবাদিক ভোট দেবেন।

ভোটারদের মূল্যায়নের ক্ষেত্রে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে ব্যক্তিগত পারফরম্যান্স ও প্রভাব, দলীয় সাফল্য ও ট্রফি জয় এবং মাঠের ভেতরে-বাইরে সামগ্রিক ক্রীড়াসুলভ আচরণ।

প্রতিটি ভোটার শর্টলিস্ট থেকে নিজের পছন্দের সেরা ১০ খেলোয়াড়কে ক্রমানুসারে বেছে নেবেন। প্রথম পছন্দের খেলোয়াড় পাবেন ১৫ পয়েন্ট। এরপর দ্বিতীয় থেকে দশম পছন্দের খেলোয়াড়রা ধাপে ধাপে ১২, ১০, ৮, ৬, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট পাবেন।

সব ভোট গণনা শেষে আগামী ২৬ অক্টোবর লন্ডনের জমকালো মঞ্চেই জানা যাবে, কার হাতে উঠছে ফুটবল বিশ্বের কাঙ্ক্ষিত সেই সোনালি বল।