হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে মো. জাবেদ মিয়া (১৯) এবং একই এলাকার আব্দুর রহিমের ছেলে মো. রুমান মিয়া (২০)।
র্যাব-৯ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হবিগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে সিলেটের দিকে যাচ্ছেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর আনুমানিক ৫টা ৩৫ মিনিটে তথ্য পাওয়ার পর র্যাবের অভিযানিক দল সকাল ৬টা ১৫ মিনিটের দিকে নবীগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার সামনে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্ট পরিচালনার সময় একটি লাল-সাদা রঙের মোটরসাইকেলকে সংকেত দিয়ে থামানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে আটকরা তাদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তাদের সঙ্গে থাকা কালো রঙের একটি ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের এবং জব্দ করা আলামত হবিগঞ্জের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.