প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫২ (বুধবার)
সিলেটে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৪৫ জন গ্রেফতার 

প্রতিকী ছবি

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৩৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপির তথ্য অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার  ৪৫ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃতরা রয়েছেন।

অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ভারতীয় ব্র্যান্ডের SNICKERS চকলেট ২ হাজার ৪৪০ পিস রয়েছে।

অন্যদিকে, মহানগর ট্রাফিক বিভাগও পৃথক অভিযান পরিচালনা করেছে। অভিযানে মোট ৩৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর মধ্যে ১৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ২০টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।