সিলেটে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। আক্রান্ত ও সন্দেহজনক রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীর চাপও বেড়ে চলেছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৪১৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২১ জন। এতে বেশ কয়েকটি হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
বুধবার (২ সেপ্টেম্বর) সিলেট স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১২১ জনের মধ্যে ৬২ জনকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৪১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৩ জনকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে, ১৪ জনকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে এবং একজনকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে সবচেয়ে বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানে হাম সন্দেহে ভর্তি আছেন ১৭৩ জন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩০ জন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট বিভাগের অন্যান্য জেলার মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২১ জন হাম সন্দেহে ভর্তি রয়েছেন।
সব মিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে হাম সন্দেহে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫ জন।
নিশ্চিত হাম রোগী ১ হাজার ৩১ জন
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩১ জন। এর মধ্যে সিলেটে ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে রুবেলার দুই রোগীও রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ৪১৫ জন সন্দেহজনক রোগী পরিস্থিতির তীব্রতার একটি বড় চিত্র তুলে ধরছে। বিশেষ করে সিলেটের প্রধান দুটি সরকারি হাসপাতালে রোগীর চাপ সবচেয়ে বেশি। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৩০৩ জন সন্দেহজনক রোগী ভর্তি রয়েছেন।
হাম ও সন্দেহজনক রোগে মৃত্যু ১৫৪
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট ১৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৪৪ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে, সিলেটে সন্দেহজনক হাম রোগে ৫৭ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জনসহ মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে ২১ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৯ জনের মৃত্যু হয়েছে।
নতুন নিশ্চিত রোগী শনাক্ত না হলেও উদ্বেগ কাটেনি
২ সেপ্টেম্বর নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বিপুলসংখ্যক সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না।
একদিকে প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, অন্যদিকে আগে থেকে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। ফলে হাসপাতালগুলোর শয্যা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর বাড়ছে অতিরিক্ত চাপ।
বিশেষ করে এক দিনে ১২১ জন নতুন রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পরিস্থিতির ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে। রোগীর সংখ্যা আরও বাড়লে হাসপাতালগুলোর বিদ্যমান শয্যা ও চিকিৎসাসেবা সক্ষমতার ওপর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ অবস্থায় হাম নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং হাসপাতালগুলোর চিকিৎসাসেবা ও শয্যা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.