প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৯ (বুধবার)
রয়েল ইউভার্সিটির উপাচার্য হলেন শাবিপ্রবি অধ্যাপক রফিকুল ইসলাম

ঢাকার রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।

এরআগে সোমবার (৩১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাঈমা খন্দকারের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩১(১) ধারা অনুযায়ী শাবিপ্রবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামকে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা এবং পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী তাকে দায়িত্ব পালন করতে হবে।