প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১৬ (বুধবার)
শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির ৩ দিনব্যাপী  চলচ্চিত্র উৎসব



শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র চলচ্চিত্রবিষয়ক সংসদ ‘চোখ ফিল্ম সোসাইটি’ ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ও চলচ্চিত্র উৎসব।

আগামী ৪, ৫ ও ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।



৩০ বছর পূর্তি উপলক্ষে প্রথমদিন ৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত। এতে সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যদের উপস্থিতিতে কেক কাটা, স্বাগত বক্তব্য এবং ৩০ বছরের পথচলার সংক্ষিপ্ত উপস্থাপনা থাকবে বলে জানান আয়োজকরা।

এদিন বিকেল ৪টায় থাকছে চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’-এর টিমের সঙ্গে বিশেষ সেশন। এতে চলচ্চিত্রটির টিম পরিচিতি, নির্মাণের ভাবনা ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দর্শক ও নির্মাতা দলের মধ্যে অনুষ্ঠিত হবে সরাসরি প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব।
এরপর বিকেল ৫টায় প্রদর্শিত হবে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’। দিনের দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

দ্বিতীয় দিন ৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় থাকছে চলচ্চিত্র ‘রইদ’ এর প্রথম প্রদর্শনী এবং সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে ‘রইদ’-এর দ্বিতীয় প্রদর্শনী।

অনুষ্ঠানের শেষ দিন ৭ সেপ্টেম্বর ‘রইদ’র বিকেল ৫টায় প্রথম এবং সন্ধ্যা সাড়ে সাতটায় দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

চোখ ফিল্ম সোসাইটির আয়োজকরা জানান, তিন দশকের চলচ্চিত্রচর্চা ও পথচলাকে উদযাপন করার পাশাপাশি সাবেক ও বর্তমান সদস্যদের একত্রিত করা এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের চলচ্চিত্রের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করাই এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য। চলচ্চিত্র প্রদর্শনী, নির্মাতাদের সঙ্গে মতবিনিময়, অভিজ্ঞতা বিনিময় ও স্মারক প্রকাশনার মধ্য দিয়ে চোখ ফিল্ম সোসাইটির ৩০ বছরের অর্জন ও চলচ্চিত্রচর্চার ধারাকে তুলে ধরা হবে।




প্রসঙ্গত, ১৯৯৬ সালের ২৯ আগস্ট ‘চোখের অঙ্গনে রঙ্গমঞ্চের প্রতিচ্ছবি’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করে চোখ ফিল্ম সোসাইটি। দীর্ঘ তিন দশক ধরে চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র নির্মাণ, কর্মশালা, আলোচনা ও চলচ্চিত্রবিষয়ক নানা কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি শাবিপ্রবির সাংস্কৃতিক অঙ্গনে চলচ্চিত্রচর্চার একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।