প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১১ (বুধবার)
সুনামগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুরে চারদিন পর তালাবদ্ধ ঘর থেকে আছিয়া বেগম নামের এক ষাটোর্ধ্ব বৃদ্ধার পচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর পৌরসভার ইনাতনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

ওই বৃদ্ধা ইনাতনগর এলাকার মৃত খালিক মিয়ার স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে ওই বৃদ্ধা আছিয়া বেগম বাড়িতে একা থাকতেন। গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য জেলা শহর সুনামগঞ্জে যান আছিয়া বেগম। এরপর থেকে ওই বৃদ্ধার সাথে স্বজনদের কারো যোগাযোগ হয়নি৷ সোমবার রাতে স্থানীয়রা ওই তালাবদ্ধ ঘরটির পাশ দিয়ে যাতায়াতের সময় পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়৷ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ঘরে ঢুকে খাটের উপর কম্বল গায়ে অর্ধ-গলিত অবস্থায় ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। 

ওই বৃদ্ধা আছিয়া বেগমের মেয়ে কল্পনা বেগম বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে মায়ের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। একাধিকবার মোবাইলে কল করেও উনাকে পাইনি। তিনি বাড়িতে একাই থাকতেন। 

কল্পনার স্বামী দিলশাদ মিয়া বলেন, আমার শ্বাশুড়ির সঙ্গে কারো কোনো শত্রুতাও ছিল না। তবে উনার কাছে চিকিৎসার জন্য নগদ ৪০ থেকে ৫০ হাজার টাকা ছিল। আমাদের ধারণা ওই টাকার জন্য উনাকে হত্যা করা হয়েছে এবং ঘরটি বাহির থেকে তালা দেওয়া হয়।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ওই মহিলার দেহের বেশকিছু অংশ পচে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। 

এ তথ্য নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ওই ঘরটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং ওই ঘরের একটি মাত্র দরজা ছিল। তবে পুলিশ কাজ করছে। দ্রুতই ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা হবে।