প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ২০:১৩ (বুধবার)
অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যান সংঘর্ষে নারী নিহত. আহত ৭

ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নুরুন্নাহার লিপি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও সাতজন।

তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে নুরুন্নাহার লিপি মারা যান।
নিহত নুরুন্নাহার লিপি গাজীপুর জেলার সদর উপজেলার বেলীপাড়া গ্রামের আব্দুল মোত্তালিবের মেয়ে।

দুর্ঘটনায় আহতরা হলেন- একই এলাকার শাকিল মিয়া (২৪), মো. সিয়াম (২৫), মো. নুর আলম (৪২), মোছা. শম্পা (৪৭), মোছা. লাকি (৪০), মো. সবুজ (৫০) ও মো. রাফিন (১৮)। নিহত ও আহত সবাই অ্যাম্বুলেন্সটির যাত্রী ছিলেন।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মো. রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ অ্যাম্বুলেন্সে করে নাটোরের বড়াইগ্রামে নিয়ে যাচ্ছিলেন তার স্বজনরা।

পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের তালবাড়িয়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশের বিলের পানিতে পড়ে যায়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা আটজন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুরুন্নাহার লিপির মৃত্যু হয়।

এসআই মো. আলমগীর হোসেন আরও জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে দুই যানবাহনের চালক ও হেলপার পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলটি হাইওয়ে থানা পুলিশের আওতাধীন হওয়ায় এ ঘটনায় তারাই আইনগত ব্যবস্থা নেবেন।