সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের অধীনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সোমবার (৩১ আগস্ট) আলীরগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলীরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মো. মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য এবাদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ বাহার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার আহমদ সাজু, ইউনিয়ন ছাত্রদলের বর্তমান সভাপতি মইনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাওসার আহমদসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা জরুরি। এ জন্য ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের জন্য সবার প্রতি আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.