প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ১২:০৪ (বুধবার)
সিলেটে ২৪ ঘণ্টার অভিযানে ৩৮ জন গ্রেফতার

প্রতিকী ছবি:

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৭৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব গ্রেফতার ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

 

এসএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামি রয়েছেন।

অভিযানকালে পুলিশ ১৫ পিস ইয়াবা ও ৬ হাজার ৫৭৬ পিস ভারতীয় চকলেট উদ্ধার করেছে।

এদিকে, মহানগর ট্রাফিক বিভাগও পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ১৭৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৭৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৯৪টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।